| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ বিশ্ব বয়ফ্রেন্ড দিবস

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৩, ২০২৬ ইং | ১৩:৫৮:২৬:অপরাহ্ন  |  ১০০১ বার পঠিত
আজ বিশ্ব বয়ফ্রেন্ড দিবস

রিপোর্টার্স২৪ ডেস্ক: জীবনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা কিংবা কঠিন সময়ে পাশে থাকা একজন ভালো বন্ধু, সঙ্গী কিংবা পথপ্রদর্শক সত্যিই সৌভাগ্যের বিষয়। একটি সুন্দর সম্পর্ক শুধু ভালো লাগা বা আবেগের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে পারস্পরিক বিশ্বাস, দায়িত্ব, যত্ন ও সম্মান।

প্রিয় সেই মানুষটির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা একটু বিশেষভাবে জানানোর দিন আজ। ৩ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব বয়ফ্রেন্ড দিবস।

প্রাতিষ্ঠানিক বা রাষ্ট্রীয় স্বীকৃতির কোনো দিবস না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে দিনটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতি বছর এ দিনে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ-তরুণীরা তাদের প্রিয় মানুষকে ঘিরে নানা আয়োজন করেন। সামাজিক যোগাযোগমাধ্যম খুললেই দেখা যায় প্রিয়জনের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি, ভালোবাসায় ভরা ক্যাপশন আর সম্পর্কের নানা স্মৃতি।

বিশ্ব বয়ফ্রেন্ড দিবসের নির্দিষ্ট কোনো প্রাতিষ্ঠানিক ইতিহাস নেই। বিভিন্ন তথ্য অনুযায়ী, ২০১৪ সালের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনানুষ্ঠানিকভাবে এই দিবসটির প্রচলন শুরু হয়। পরবর্তী সময়ে ২০১৬ সালের দিকে এটি আরও বেশি পরিচিতি লাভ করে এবং বিভিন্ন দেশে তরুণদের মধ্যে দিবসটি উদযাপনের প্রবণতা বাড়তে থাকে।

মূলত গার্লফ্রেন্ড ডে উদযাপনের আদলে ছেলেদের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর উপলক্ষ হিসেবে বয়ফ্রেন্ড দিবসের প্রচলন শুরু হয়েছে বলে ধারণা করা হয়।

তবে দিনটির কোনো আন্তর্জাতিক সরকারি স্বীকৃতি নেই। সামাজিক যোগাযোগমাধ্যম ও জনপ্রিয় সংস্কৃতির হাত ধরেই এটি মূলত একটি অনানুষ্ঠানিক উদযাপনের দিনে পরিণত হয়েছে।

বর্তমান সময়ে যেকোনো বিশেষ দিবসের মতো বিশ্ব বয়ফ্রেন্ড দিবস উদযাপনেও সবচেয়ে বড় ভূমিকা রাখছে সামাজিক যোগাযোগমাধ্যম।

ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স ও টিকটকে প্রিয় মানুষকে ঘিরে নানা ধরনের পোস্ট, ছবি, ভিডিও ও ক্যাপশন দেখা যাচ্ছে। অনেকেই বয়ফ্রেন্ডের সঙ্গে কাটানো পুরোনো স্মৃতি সামনে আনছেন, আবার কেউ সম্পর্কের বর্তমান মুহূর্তের ছবি দিয়ে ভালোবাসা প্রকাশ করছেন।

ইনস্টাগ্রাম ও টিকটকে অনেকে সম্পর্কের শুরুর সময়ের ছবি এবং বর্তমান সময়ের ছবি পাশাপাশি রেখে কোলাজ তৈরি করছেন। এর সঙ্গে আবেগঘন ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করে তৈরি করছেন রিলস।

আবার যারা এখনো নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তারাও ভিন্নভাবে অংশ নিচ্ছেন এই ট্রেন্ডে। কারও স্টোরিতে দেখা যাচ্ছে শুধু প্রিয় মানুষের হাত, কারও ছবিতে কফির কাপ হাতে আবছা অবয়ব, আবার কেউ প্রকাশ করছেন শুধু ব্যাকপ্রোফাইলের ছবি।

অন্যদিকে, বয়ফ্রেন্ড দিবসকে ঘিরে সিঙ্গেলদের মজার মিম, ট্রল ও হাস্যরসাত্মক পোস্টও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ নজর কাড়ছে। ফলে ভালোবাসার পাশাপাশি দিনটি ঘিরে তৈরি হয়েছে এক ধরনের রসাত্মক অনলাইন পরিবেশও।

ব্যস্ত জীবনে একে অপরকে সময় দেওয়াটাই অনেকের কাছে সবচেয়ে বড় উপহার। তাই শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বা স্ট্যাটাস নয়, বাস্তব জীবনেও অনেকেই প্রিয় মানুষকে নিয়ে বিশেষভাবে দিনটি কাটানোর পরিকল্পনা করছেন।

কেউ প্রিয় মানুষের পছন্দের কোনো গ্যাজেট, বই বা সুগন্ধি উপহার দিচ্ছেন। কেউ আবার দামি উপহারের পরিবর্তে হাতে লেখা একটি চিঠি কিংবা ছোট্ট কোনো স্মারক দিয়ে মনের কথা জানাচ্ছেন।

কারও পরিকল্পনায় রয়েছে পছন্দের রেস্তোরাঁয় ডিনার, কারও লং ড্রাইভ, আবার কেউ ঘরে বসে প্রিয় সিনেমা দেখা বা একসঙ্গে সময় কাটানোর মধ্য দিয়েই দিনটিকে স্মরণীয় করে তুলছেন।

সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, অনেক পুরুষই নিজেদের অনুভূতি, দুশ্চিন্তা কিংবা কষ্ট সহজে প্রকাশ করতে পারেন না। ফলে সম্পর্কে তাদের যত্ন, দায়িত্ববোধ কিংবা ভালোবাসার অনেকটাই নীরবে থেকে যায়।

এ ধরনের একটি দিন সেই অনুভূতিগুলো প্রকাশের একটি উপলক্ষ তৈরি করতে পারে। তবে এর জন্য দামি উপহার কিংবা বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই। প্রিয় মানুষটির প্রতি আন্তরিকতা, সম্মান ও কৃতজ্ঞতার প্রকাশই হতে পারে সবচেয়ে মূল্যবান উপহার।

একটি ছোট্ট বাক্য‘তুমি আমার জীবনে আছ, এ জন্য আমি কৃতজ্ঞ’ কখনো কখনো দামি উপহারের চেয়েও বেশি আনন্দ দিতে পারে।

তাই বিশ্ব বয়ফ্রেন্ড দিবসকে শুধু একটি সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রেন্ড হিসেবে না দেখে, সম্পর্কের মানুষটির প্রতি ভালোবাসা, সম্মান, যত্ন ও কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ হিসেবেও দেখা যেতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪