| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করল ইরান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৩, ২০২৬ ইং | ২৩:৪৮:৫০:অপরাহ্ন  |  ৮৩৪২৩৭ বার পঠিত
হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করল ইরান

ইন্টারন্যাশনাল ডেস্ক: হরমুজ প্রণালী দিয়ে জাহাজ স্বাভাবিকভাবে চলাচল করছে-যুক্তরাষ্ট্রের এমন দাবি প্রত্যাখ্যান করেছে ইরানের সামরিক বাহিনী। তেহরান বলেছে, ইরানের অনুমতি ও তদারকি ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাংকার এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে নিরাপদে চলাচল করতে পারবে না।

বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে পাল্টাপাল্টি দাবি আরও জোরালো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে দেশটির সামরিক বাহিনীর খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র বলেন, ‘আগের মতোই হরমুজ প্রণালী ইসলামি প্রজাতন্ত্র ইরানের পূর্ণ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে।’

তিনি আরও বলেন, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর অনুমতি ও তদারকি ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচল করতে পারবে না।

ইরানের এই বক্তব্য এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলে দাবি করার পর। এর জবাবে ইরানের কর্মকর্তারা ওয়াশিংটনের সেই দাবি নাকচ করে দিয়ে প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণের কথা পুনর্ব্যক্ত করেছেন। হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ।

মধ্যপ্রাচ্যের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের একটি বড় অংশ এই প্রণালী দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যায়। ফলে এই নৌপথে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যে প্রণালীটি নিয়ে উত্তেজনা আরও বেড়েছে। ইরান জাহাজ চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপের কথা বলছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে। এর আগে কিছু জাহাজ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর তত্ত্বাবধানে হরমুজ প্রণালী অতিক্রমের উদ্যোগ নিলেও নিরাপত্তা ঝুঁকির কারণে অনেক শিপিং কোম্পানি সেই ব্যবস্থা এড়িয়ে চলেছে বলে রয়টার্স জানিয়েছিল।

ফলে হরমুজ প্রণালী এখন শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সংঘাতের বিষয় নয়, বরং বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্যও বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দুই দেশের পাল্টাপাল্টি দাবির মধ্যে প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল কবে পুরোপুরি স্বাভাবিক হবে, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। সূত্র:আল জাজিরা

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪