বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দায়িত্বশীলদের আল্লাহভীতি, আমানতদারিতা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কুরআন-সুন্নাহর আদর্শ অনুসরণ করে জনগণের কল্যাণে কাজ করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে দাওয়াতি কার্যক্রম ও গণসংযোগ আরও জোরদার করতে হবে।
সোমবার (১০ আগস্ট) বিকেলে বগুড়া পর্যটন মোটেলে বগুড়া জেলা ও মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্যদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বগুড়া মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে এবং মহানগর জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক আ স ম আব্দুল মালেকের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় ডা. শফিকুর রহমান বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। দায়িত্বশীলদের নিজেদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা ও ন্যায়পরায়ণতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার ও সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমানসহ নেতৃবৃন্দ।
সভায় শহর ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম, জেলা পূর্ব সভাপতি শাহরিয়ার হাসান বিপ্লব, সেক্রেটারি তৌফিকুল ইসলাম তাকি, পশ্চিম জেলা সভাপতি সাদ্দাম হোসেন সাব্বির ও সেক্রেটারি আবু হোজাইফাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব