স্পোর্টস ডেস্ক: ব্যাটিংটা মনমতো হয়নি। তবে বোলাররা সেই অতৃপ্তি দূর করে দিলেন। দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মালয়েশিয়া জাতীয় দলকে ৮৯ রানের বড় ব্যবধানে হারাল বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দল।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শনিবার (৮ আগস্ট) আগে ব্যাটিংয়ে নেমে ১৫৮ রানে অলআউট হয় বাংলাদেশ এইচপি। জবাবে মালয়েশিয়া ৪ ওভার বাকি থাকতে মাত্র ৬৯ রানে গুটিয়ে যায়। এর আগে বাংলাদেশ এইচপির বেশিরভাগ ব্যাটার বাজে শটে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন।
টস হেরে ব্যাট করতে নেমে স্বাগতিকদের শুরুটা একদমই ভালো হয়নি। ওপেনার জিসান আলম ৭ বল খেলেও কোনো রান করতে পারেননি। ওপেনিংয়ে জিসানের সঙ্গী জাওয়াদ আবরার যদিও বেশ মারমুখী ছিলেন। দৃষ্টিনন্দন এক ছক্কার সঙ্গে ৩ চারে ১৮ বলে তিনি ২৮ রানে থেমেছেন। পরের তিন ব্যাটার আরিফুল ইসলাম (১২ বলে ১৫), সাব্বির রহমান (১২ বলে ১৪) ও প্রীতম কুমার (৭ বলে ৪) ইনিংস বড় করতে পারেননি।
এইচপি তাদের সবচেয়ে বড় জুটি পায় ষষ্ঠ উইকেটে। অধিনায়ক এসএম মেহেরব ও পেস বোলিং অলরাউন্ডার আবদুল গাফফার সাকলাইনের এই জুটিতে আসে ৫৩ রান। তারা দুজনই ৩০ পেরোতে পেরেছেন। ২২ বলে ৩ চার ও ২ ছক্কায় মেহেরব ৪০ ও সাকলাইন ২৬ বলে করেন ৩২ রান।
কিন্তু দুজন আউট হতেই ৩২ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ফেলে এইচপি। তবে ১৫৮ রানের ওই সংগ্রহই যথেষ্ট হয়েছে জয়ের জন্য। এইচপির বোলারদের বিপক্ষে ন্যূনতম লড়াইটুকুও করতে পারেননি মালয়েশিয়ার ব্যাটাররা।
মালয়েশিয়ার পক্ষে ২৫ বলে সর্বোচ্চ ২৯ রান করেন আহমেদ আকিল। এ ছাড়া দুজন ব্যাটার তাদের রান দুই অঙ্কের ঘরে নিতে পেরেছেন। ২২ বলে মোহাম্মদ আমির ১৫ আর বিজয় উন্নি ১৫ বল খেলে ১৪ রান করেন।
এইচপির হয়ে ২টি উইকেট করে পান মোহাম্মদ রুবেল ও রাকিবুল হাসান। ১টি উইকেট করে নেন আবু হায়দার রনি, সাকলাইন, মেহেরব ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
মিরপুরেই দুই দলের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি আগামী সোমবার (১০ আগস্ট)।
রিপোর্টার্স২৪/ধ্রুব