তথ্যপ্রযুক্তি ডেস্ক: চ্যাটজিপিটি ব্যবহারকারীর জন্য টেক্সট-ভিত্তিক চ্যাটের ওপর থেকে আগের সীমা তুলে নিচ্ছে। এমন সময় কোম্পানিটি এ ঘোষণা দিয়েছে যখন তাদের সাপ্তাহিক ব্যবহারকারী এক বিলিয়ন ছাড়িয়েছে।
নতুন জিপিটি-৫.৬ লুনা মডেলে ব্যবহারকারীরা আনলিমিটেড টেক্সট চ্যাটের অভিজ্ঞতা পাবেন। এটি জিপিটি-৫.৫-এর স্থলাভিষিক্ত হয়ে ফ্রি ও গো ব্যবহারকারীদের জন্য ডিফল্ট মডেল হিসেবে কাজ করবে। উভয় শ্রেণির ব্যবহারকারীই একটি নতুন ‘থিংক’ বাটন পাবেন। এর মাধ্যমে তারা জটিল প্রশ্নের ক্ষেত্রে উচ্চতর যুক্তিমূলক ক্ষমতা নির্বাচন করতে পারবেন।
ওপেনএআই জানিয়েছে, ফাইল, ছবি, ভয়েস ও ছবি তৈরির ক্ষেত্রে আলাদা সীমাবদ্ধতা বজায় থাকবে। এই আপডেটটি প্লাস ও প্রো ব্যবহারকারীদের জন্যও পরিবর্তন নিয়ে এসেছে।
তারা একটি উন্নত জিপিটি-৫.৬ সল মডেল ব্যবহার করার সুযোগ পাবেন। এই মডেলটি প্রশ্ন, ওয়েব রিসার্চ, পরামর্শ, পরিকল্পনা, লেখালেখি এবং সিদ্ধান্ত নেওয়ার মতো দ্রুত কাজের জন্য বেশি উপযোগী। কোম্পানিটি উল্লেখ করেছে, নতুন মডেলটি আরও সংক্ষিপ্ত ও জোরালো উত্তর দেবে।
চ্যাটজিপিটি প্লাস ও প্রো ব্যবহারকারীরা একটি থিংকিং স্লাইডারও পাচ্ছেন। এর মাধ্যমে মডেলটি একটি উত্তরে ঠিক কতটুকু চিন্তা করবে তা তারা দেখতে পাবেন। কোনো প্রশ্নের জটিলতা ও সমাধানের ধাপগুলোর ওপর ভিত্তি করে তারা এই থিংকিং স্লাইডারটি সেট করতে পারবেন।
ওপেনএআই জানিয়েছে, একটি অভ্যন্তরীণ মূল্যায়নে দেখা গেছে, জিপিটি-৫.৫-ইনস্ট্যান্টের তুলনায় জিপিটি-৫.৬ লুনা-তে তথ্যগত ভুলের হার ৬২ শতাংশ কম এবং জিপিটি-৫.৬ সল-এর ক্ষেত্রে তা ৬৮ শতাংশ কম।
জিপিটি-৫.৬ সল-এর আপডেট সংস্করণটি প্লাস ও প্রো ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। অন্যদিকে ফ্রি ও গো ব্যবহারকারীদের জন্য অন্য পরিবর্তনগুলো এই সপ্তাহেই উন্মুক্ত হতে যাচ্ছে। আগামী সপ্তাহে ব্যবহারকারীরা কঠিন প্রশ্নগুলোর জন্য আনলিমিটেড টেক্সট চ্যাট ও নতুন থিংক বাটন ব্যবহারের সুযোগ পাবেন। সূত্র: টেকক্রাঞ্চ
রিপোর্টার্স২৪/ধ্রুব