ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলায় রাশিয়ার শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের গুদাম ও সরবরাহব্যবস্থা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। গত তিন সপ্তাহে প্রতিষ্ঠানটির প্রায় ২০টি স্থাপনায় হামলার ঘটনায় অগ্নিকাণ্ড এবং বিপুল পরিমাণ পণ্য নষ্ট হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ১৮ জুলাই থেকে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ওয়াইল্ডবেরিজের গুদাম লক্ষ্য করে প্রায় প্রতি রাতেই ড্রোন হামলা চালানো হচ্ছে। এতে অন্তত ১১ লাখ ৮০ হাজার বর্গমিটার গুদামঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে, যা প্রতিষ্ঠানটির মোট গুদাম সক্ষমতার এক-পঞ্চমাংশেরও বেশি।
এর প্রভাব পড়েছে প্রতিষ্ঠানটির সরবরাহব্যবস্থায়। মস্কোর একটি পণ্য সংগ্রহকেন্দ্রের পরিচালক ভাসিলি ক্লিমভ বলেন, আগে প্রতিদিন প্রায় ৪০০টি পার্সেল আসত, এখন তা কমে প্রায় ১৫০টিতে নেমেছে।
সঞ্চয়ের অর্থ দিয়ে ব্যবসা চালানো সম্ভব হচ্ছে না বলে তিনি ব্যবসাটি বিক্রির জন্য তুলেছেন। রাশিয়া ও আশপাশের দেশগুলোতে ওয়াইল্ডবেরিজের প্রায় ৯৮ হাজার পণ্য সংগ্রহকেন্দ্র রয়েছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, মোট অর্ডারের প্রায় ৯৫ শতাংশ এসব কেন্দ্রের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হয়।
ইউক্রেন বলছে, রাশিয়ার যুদ্ধ পরিচালনার ব্যয় বাড়ানো এবং যুদ্ধের প্রভাব সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এ ধরনের হামলার অন্যতম লক্ষ্য। তবে রাশিয়া ও ওয়াইল্ডবেরিজের দাবি, প্রতিষ্ঠানটি রুশ সেনাবাহিনীকে কোনো ধরনের সরবরাহ করে না।
রিপোর্টার্স২৪/ধ্রুব