| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অবশেষে নতুন ঠিকানায় সালাহ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৬ ইং | ১৬:০৫:৫৫:অপরাহ্ন  |  ৮৭২ বার পঠিত
অবশেষে নতুন ঠিকানায় সালাহ

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ নয় বছরের গৌরবময় অধ্যায়ের ইতি টেনে লিভারপুলকে বিদায় জানালেন মোহাম্মদ সালাহ। অ্যানফিল্ডে অসাধারণ সাফল্যে ভরা ক্যারিয়ার শেষে এবার নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন মিসরের এই তারকা ফরোয়ার্ড। তাঁর পরবর্তী গন্তব্য তুরস্কের সুপার লিগের ক্লাব ট্রাবজোনস্পর।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ট্রাবজোনস্পর জানিয়েছে, দুই পক্ষের মধ্যে চুক্তির বিষয়ে ইতিবাচক সমঝোতা হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে বুধবার ইস্তাম্বুলে পৌঁছাবেন সালাহ। এরপর ট্রাবজোনে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করবেন তিনি।

ইউরোপীয় বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড দুই বছরের চুক্তিতে সম্মতি দিয়েছেন। লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় কোনো ট্রান্সফার ফি ছাড়াই ফ্রি এজেন্ট হিসেবে তাঁকে দলে ভেড়াচ্ছে ট্রাবজোনস্পর।

২০১৭ সালে ইতালিয়ান ক্লাব রোমা থেকে লিভারপুলে যোগ দেন সালাহ। এরপর নয় মৌসুমে অ্যানফিল্ডে তিনি নিজেকে ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেন। লিভারপুলের জার্সিতে ৪৪২ ম্যাচে ২৫৭ গোল করে দলের সাফল্যের অন্যতম প্রধান কারিগর ছিলেন তিনি।

সালাহর সময়েই লিভারপুল জিতেছে প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, লিগ কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ এবং উয়েফা সুপার কাপ। ব্যক্তিগত অর্জনেও তিনি ছিলেন উজ্জ্বল; প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট জিতেছেন রেকর্ড চারবার।

লিভারপুল ছাড়ার পর তাঁকে নিয়ে সৌদি প্রো লিগ ও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) যাওয়ার জোর গুঞ্জন ছিল। তবে সব আলোচনা পেছনে ফেলে ইউরোপের শীর্ষ পর্যায়ের ফুটবলেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন ‘ইজিপশিয়ান কিং’।

গত মৌসুমে তুর্কি সুপার লিগে তৃতীয় স্থান অর্জন করে ইউরোপা লিগে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে ট্রাবজোনস্পর। ইউরোপীয় প্রতিযোগিতায় খেলার সুযোগই সালাহর সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

যদিও লিভারপুলে তাঁর শেষ মৌসুমটি প্রত্যাশামতো কাটেনি। ধারাবাহিকতা হারানোয় বেশ কয়েকটি ম্যাচে তাঁকে বেঞ্চ থেকেই শুরু করতে হয়েছে। এ সময় ক্লাবের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানা আলোচনা-সমালোচনাও দেখা দেয়।

তবে জাতীয় দলের জার্সিতে সেই হতাশা কাটিয়ে দারুণ প্রত্যাবর্তন করেন সালাহ। ২০২৬ ফিফা বিশ্বকাপে তাঁর নেতৃত্বেই ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নেয় মিসর, যা দেশটির ফুটবল ইতিহাসে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪