গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে জব্দ করা একটি প্রাইভেটকার আত্মসাতের অভিযোগে মেট্রোপলিটন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে ডোপ টেস্টে তিনি মাদকাসক্ত বলে প্রমাণ পাওয়ার তথ্য জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৮ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল রহমান। তিনি জানান, গত বৃহস্পতিবার আদালতে হাজির করার পর বিচারক অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে এএসআই আলমগীরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ মে মধ্যরাতে টহল চলাকালে পুবাইল এলাকায় একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালান এএসআই আলমগীর। গাড়ির কাগজপত্র যাচাইয়ের কথা বলে সেটি থানায় নেওয়া হলেও পরে মালিকের কাছে ফেরত না দিয়ে আত্মসাতের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় গাড়ির মালিক শেখ শরীফ হোসেন পাটোয়ারী গত ৬ মে পুবাইল থানায় আলমগীর হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, ঘটনার পর পুলিশ সদর দপ্তরের নির্দেশে আলমগীরকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে ডোপ টেস্টের জন্য নেওয়া হয়। পরীক্ষায় তিনি মাদকাসক্ত বলে শনাক্ত হন। এছাড়া অতীতে টঙ্গী পূর্ব থানায় কর্মরত থাকাকালেও তার বিরুদ্ধে মাদকসেবনের অভিযোগ ছিল বলে জানা গেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মো. মহিউদ্দিন আহমেদ বলেন, আদালতের নির্দেশের পর এএসআই আলমগীরকে ক্লোজড করে কারাগারে পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি