নারায়ণগঞ্জ সংবাদদাতা: রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির আত্মপরিচয় ও সংস্কৃতির সংকট উত্তরণের অন্যতম সোপান বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন।
শুক্রবার রাতে নারায়ণগঞ্জ কলেজ মিলনায়তনে সাংস্কৃতিক সংগঠন আনন্দধারা আয়োজিত রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সৈয়দ আনোয়ার হোসেন বলেন, বাঙালির সংস্কৃতি বিনির্মাণে রবীন্দ্রনাথ অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন। গত শতকে যেমন তিনি প্রাসঙ্গিক ছিলেন, আজও তেমনি আছেন এবং শতবর্ষ পরেও তিনি সগৌরবে মহীয়ান থাকবেন।
সংগঠনের সভাপতি রফিউর রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক শওকত আরা হোসেন, সংস্কৃতিজন ভবানী শংকর রায় এবং নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজা।
রফিউর রাব্বি বলেন, রবীন্দ্রনাথকে নিয়ে বিরোধিতা অতীতেও ছিল, এখনও আছে। তবে বাঙালির জীবন, সংস্কৃতি, শিল্প-সাহিত্য ও সংগ্রাম থেকে তাঁকে কখনো দূরে রাখা যায়নি। একাত্তরের মুক্তিযুদ্ধেও তাঁর গান সংগ্রামের প্রেরণা জুগিয়েছে।
অনুষ্ঠানে আবৃত্তি করেন জিয়াউল ইসলাম কাজল, ফাহমিদা আজাদ ও পিন্টু সাহা। সংগীত পরিবেশন করেন আনন্দধারা ও জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ নারায়ণগঞ্জ জেলার শিল্পীরা।
এর আগে সকালে চারটি বিভাগে রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।