জামালপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমান–এর রাজনৈতিক ও কৃষি বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, “ভোটাররা বড় আশা-আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করেছে। এখন তাঁদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। এর ব্যত্যয় ঘটানো যাবে না।”
শুক্রবার (৮ মে) বিকেলে ইসলামপুরে নিজ এলাকায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক ও কৃষি বিষয়ক উপদেষ্টা হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানকে নিয়োগের পর নিজ এলাকায় তাঁর আগমন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর উপজেলা ও পৌর শাখা।
উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর সভাপতিত্বে উপজেলা পরিষদ কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় নজরুল ইসলাম খান আরও বলেন, “উন্নয়ন করতে সবার সহযোগিতা দরকার। সহযোগিতা পেলে উন্নয়ন করা সহজতর হবে। আর অবকাঠামো উন্নয়ন হলে মানুষের জীবনমান উন্নত হবে।”
উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, “আমরা দেশ ও জনগণের জীবনমান উন্নয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারেন, আমরা সেই চেষ্টা করছি। সর্বশক্তি দিয়ে হলেও আমরা উন্নয়নের চেষ্টা করে যাব।”
বিএনপির এই প্রবীণ নেতা আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামে গ্রামে ঘুরে উন্নয়ন করেছেন। কৃষির উৎপাদন বাড়িয়েছেন। কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। আমাদেরকেও শহীদ জিয়ার মতো কৃষি উৎপাদন বাড়াতে কাজ করতে হবে।”
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
পরে নজরুল ইসলাম খানকে শুভেচ্ছা জানিয়ে ফুল ও ক্রেস্ট প্রদান করেন বিএনপি নেতা-কর্মীরা।
রিপোর্টার্স২৪/এসএন