| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওয়াপাড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

reporter
  • আপডেট টাইম: মে ০৭, ২০২৬ ইং | ১৩:০৯:০৩:অপরাহ্ন  |  ৩৭৭৬ বার পঠিত
নওয়াপাড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে বাসা ভাড়া দেওয়া নিয়ে বিরোধের জেরে আনিছুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ মে) সন্ধ্যা ৭টার দিকে নওয়াপাড়া বাজারে তার নিজস্ব ভবন ‘আনিছ প্লাজা’র সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত আনিছুর রহমান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাসিন্দা এবং মৃত আব্দুল মজিদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নওয়াপাড়া বাজারে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নওয়াপাড়া পীরবাড়ি এলাকার শাহ জুনায়েদের ছেলে শাহ মাহমুদ আনিছ প্লাজায় একটি বাসা ভাড়া নিতে চাইলে আনিছুর রহমান তাকে বাসা ভাড়া দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে উভয়ের মধ্যে কয়েকদিন ধরে মনোমালিন্য চলছিল।

ঘটনার দিন সন্ধ্যায় বিষয়টি নিয়ে আবারও কথা কাটাকাটি হলে শাহ মাহমুদ তার সঙ্গে থাকা চাইনিজ কুড়াল দিয়ে আনিছুর রহমানের মাথা ও মুখে এলোপাতাড়ি কোপ দিয়ে পালিয়ে যায়। হামলায় গুরুতর আহত আনিছুর রহমানকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খুলনায় অবস্থার আরও অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। অ্যাম্বুল্যান্সে ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

এই হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচার দাবিতে নওয়াপাড়া নৌবন্দরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নওয়াপাড়া বাজার ব্যবসায়ী সমিতি।

এ বিষয়ে অভয়নগর থানার ওসি (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহ মাহমুদ পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪