স্টাফ রিপোর্টার: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত এক বছর মেয়াদি কামিল (মাস্টার্স)-২০২৪ পরীক্ষা সোমবার (৪ মে) সারা দেশে একযোগে শুরু হয়েছে।
বিকেলে রাজধানীর সরকারি মাদরাসা-ই-আলিয়া কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, সরকারি মাদরাসা-ই-আলিয়ার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী।
পরিদর্শন শেষে উপাচার্য বলেন, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বদ্ধপরিকর। নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে দেশের সব কেন্দ্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, মাদরাসা শিক্ষার্থীরা নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়িত হবেন এবং আধুনিক জ্ঞান ও গবেষণায় সমৃদ্ধ হয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দেবেন।
এ বছর দেশের ৫১টি কেন্দ্রে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল ফিকহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে। আগামী ২৩ মে পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি