স্পোর্টস ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বগুড়াতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বছর থেকেই বগুড়ার মাঠে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
গত এক দশক ধরে দেশের আন্তর্জাতিক ক্রিকেট সীমিত ছিল মূলত ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ভেন্যুতে। তবে এবার পুরোনো ভেন্যুগুলো আবারও আন্তর্জাতিক মানে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম-সহ খুলনা ও ফতুল্লা স্টেডিয়ামেও আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পরিকল্পনা রয়েছে।
২০১৬ সালে বগুড়ায় শেষবার পুরুষদের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কার বিপক্ষে একটি টেস্ট ম্যাচের মাধ্যমে। এরপর দীর্ঘ সময় সেখানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল। একই বছরে খুলনার স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়। অন্যদিকে ফতুল্লার মাঠে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয় ২০১৪ সালে, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচের মাধ্যমে।
সোমবার বগুড়ার মাঠ পরিদর্শনে যান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার সঙ্গে ছিলেন বিসিবির এডহক কমিটির সদস্য ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু।
পরিদর্শন শেষে রফিকুল ইসলাম বাবু জানান, বগুড়াকে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। তিনি বলেন, মাঠের ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, ফ্লাডলাইট সংস্কার, ড্রেসিংরুম, মিডিয়া বক্স ও গ্যালারির আধুনিকায়ন করা হবে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের জুন-জুলাইয়ের মধ্যেই বগুড়ায় আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে পারে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
রিপোর্টার্স২৪/ঝুম