| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রস্তুতি ম্যাচে সাইফের দারুণ সেঞ্চুরি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৩, ২০২৬ ইং | ১৬:২৮:১৪:অপরাহ্ন  |  ২৩২৯২৫ বার পঠিত
প্রস্তুতি ম্যাচে সাইফের দারুণ সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে সাইফ হাসানের ওপরই আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। তবে সুযোগ পেয়েও খুব একটা প্রভাব রাখতে পারেননি তিনি। তিন ম্যাচে করেন যথাক্রমে ৪, ১২ ও ৩৬ রান। 

সাইফের এমন পারফরম্যান্সের পরও আসন্ন নিউজিল্যান্ড সিরিজে তার ওপরই ভরসা রেখেছিলেন নতুন নির্বাচক প্যানেল। প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করে সেই আস্থার প্রতিদান ভালোভাবেই দিলেন এই ওপেনার।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে দুই দলে বিভক্ত হয়ে সোমবার একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। মিরপুরে অনুষ্ঠিত ৫০ ওভারের এই অনুশীলন ম্যাচে টিম ‘এ’ দারুণ ব্যাটিং করে। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯২ রান তোলে টিম ‘এ’।

বড় ইনিংসের মূল নায়ক ছিলেন সাইফ। ডানহাতি এই ব্যাটার অপরাজিত ১৩৮ রানের ইনিংস খেলেন। ১৩৩ বলের এই ইনিংসে ছিল ৬টি চার ও ৮টি ছক্কা। প্রস্তুতি ম্যাচে সাইফ প্রতিপক্ষের বোলারদের ওপর নিয়ন্ত্রণ নিয়ে পুরো সময়টা ছড়ি ঘুরিয়েছেন।

সাইফের এই রান নিশ্চিতভাবেই নিউজিল্যান্ড সিরিজের আগে দারুণ আত্মবিশ্বাস যোগাবে। সাইফকে স্কোয়াডে রাখা নিয়ে নির্বাচকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল।

নির্বাচক প্যানেলের প্রধান হাবিবুল বাশার সুমন সাইফকে দলে রাখা নিয়ে বলেছিলেন, ‘যখন কাউকে সুযোগ দেওয়া হয়, আমরা মনে করি সিদ্ধান্ত নেওয়ার জন্য তিন ম্যাচ যথেষ্ট নয়। সাইফ ইতোমধ্যে কিছু ম্যাচ খেলেছে এবং আমরা তাকে দীর্ঘ সময়ের জন্য দলে রাখতে চাই।’

এদিকে সাইফ রান পেলেও টপ অর্ডারের বাকি ব্যাটারদের কেউই রানের দেখা পাননি। তানজিদ হাসান তামিম খেলেন ৭ রানের ইনিংস। অন্যদিকে নাজমুল হোসেন শান্ত করেন ১২ রান এবং লিটন দাস খেলেন ৯ রানের ইনিংস।

মিডল অর্ডারে তাওহিদ হৃদয় ২৫ রান এবং আফিফ হোসেন ধ্রুব ৩৪ রানের কার্যকর ইনিংস খেলেন। শেষ দিকে মেহেদী হাসান মিরাজ ১২ বলে ২০ এবং তানজিম হাসান সাকিব ১৩ বলে ২৭ রান করলেও টিম ‘এ’ ২৯২ রানের সংগ্রহে পৌঁছায়।

টিম ‘বি’-এর বোলারদের মধ্যে এবাদত হোসেন ও মোসাদ্দেক হোসেন দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন সৌম্য সরকার, নাসুম আহমেদ ও খালেদ আহমেদ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪