| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপে রেফারির বিশাল বহর, ব্রাজিল-আর্জেন্টিনারই ১৮ জন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১০, ২০২৬ ইং | ১৯:০৬:৩৪:অপরাহ্ন  |  ২৫৩৪৪২ বার পঠিত
বিশ্বকাপে রেফারির বিশাল বহর, ব্রাজিল-আর্জেন্টিনারই ১৮ জন

ক্রীড়া ডেস্ক: দুমাস পর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় গড়াবে ২০২৬ বিশ্বকাপ। আসরের জন্য ১৭০ জনের ম্যাচ অফিসিয়ালের বিশাল বহর প্রকাশ করেছে ফিফা। রেফারিংয়ে এবার মাইলফলক গড়বে ব্রাজিল ও আর্জেন্টিনা। প্রথমবার এক বিশ্বকাপে দুটি দেশের তিনজন করে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন।

তালিকায় অভিজ্ঞদের মধ্যে গত বিশ্বকাপে ফাইনাল পরিচালনা করা পোল্যান্ডের সিমন মারচিনিয়াক ছাড়াও ইংল্যান্ডের মাইকেল অলিভার ও ফ্রান্সের ক্লেমঁ তুরপাঁর মতো পরিচিত মুখ রয়েছেন। কঙ্গোর রেফারি জিন-জ্যাকস এনদালা বাদ পড়েছেন। গত জানুয়ারিতে আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) বিতর্কিত ফাইনাল পরিচালনার জেরে তাকে রাখা হয়নি। ওই ম্যাচের ফল পরিবর্তন এবং সেনেগালের আপিল নিয়ে বর্তমানে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আইনি লড়াই চলছে।

অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে সর্বোচ্চ ৯ জন করে প্রতিনিধি প্যানেলে জায়গা পেয়েছেন। আর্জেন্টিনা থেকে যে তিনজন রেফারিং করবেন তারা- ইয়ায়েল ফালকোন পেরেজ, দারিও এরেরা এবং ফাকুন্দো টেলো। সহকারী রেফারি থাকবেন হুয়ান পাবলো বেলাত্তি, ম্যাক্সিমিলিয়ানো দেল ইয়েসো, গ্যাব্রিয়েল চাদে, ফাকুন্দো রদ্রিগেস এবং ক্রিস্টিয়ান নাভারো। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবে দায়িত্ব পালন করবেন এরনান মাস্ত্রাঞ্জেলো।

ব্রাজিলও প্রথমবার বিশ্বকাপে তিনজন প্রধান রেফারি পাঠানোর সুযোগ পাচ্ছে। সবমিলিয়ে দেশটি ৯ জন শীর্ষ পর্যায়ের ম্যাচ অফিসিয়াল পাঠাচ্ছে। প্রধান রেফারি হিসেবে থাকছেন রাফায়েল ক্লস, উইল্টন সাম্পাইও এবং র‍্যামন আবাত্তি। সহকারী রেফারি থাকবেন ব্রুনো বোশিলিয়া, ব্রুনো পাইরেস, দানিলো মানিস, রদ্রিগো ফিগেইরেদো ও রাফায়েল আলভেস। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) দায়িত্বে থাকবেন রোদোলফো তোস্কি।

ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে ৭ জন ও মেজর লিগ সকার (এমএলএস) থেকে ১১ জন অফিসিয়াল নির্বাচিত হয়েছেন বিশ্বকাপ পরিচালনার জন্য। নারী রেফারি থাকবেন ৬ জন। ২০২২ বিশ্বকাপে প্রথমবার কোন নারী হিসেবে ছেলেদের ম্যাচে রেফারিং করে ইতিহাস গড়েছিলেন ফ্রান্সের স্টেফানে ফ্রাপার্ট। তিনি কোস্টারিকা ও জার্মানির গ্রুপপর্বের ম্যাচে একটি সম্পূর্ণ নারী রেফারি দলের অংশ ছিলেন।

৩৯ বর্ষী পেনসো ২০২৩ নারী বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করেছেন এবং ২০২৬ বিশ্বকাপে দায়িত্ব পাওয়া ছয় নারী অফিসিয়ালের একজন। তার সঙ্গে আছেন সহকারী রেফারি ব্রুক মায়ো ও ক্যাথরিন নেসবিট। এ তিনজন বিশ্বকাপে একমাত্র পুরোপুরি নারী অনফিল্ড অফিসিয়েটিং দল গঠন করেছেন।

নারী রেফারি প্রসঙ্গে ফিফার রেফারিজ প্রধান পিয়ারলুইগি কোলিনা বলেছেন, ‘ছয়জন নারীর ম্যাচ অফিসিয়াল নির্বাচিত হওয়া চার বছর আগে কাতারে শুরু হওয়া একটি ধারাবাহিকতার অংশ। আমরা নারী রেফারিংকে আরও এগিয়ে নিতে চাই।’

আসরে দায়িত্ব পালনের জন্য ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও ম্যাচ অফিসিয়ালকে (ভিএআর) মনোনীত করেছে ফিফা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪