| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিঙ্গাপুরের বিপক্ষে শেষ লড়াই, জয় চায় বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩১, ২০২৬ ইং | ০১:৫৩:২০:পূর্বাহ্ন  |  ৩৯৮৫০১ বার পঠিত
সিঙ্গাপুরের বিপক্ষে শেষ লড়াই, জয় চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব থেকে ছিটকে যাওয়ায় আগামী আসরে আর খেলা হচ্ছে না বাংলাদেশের। তবে হতাশার মধ্যেও শেষ ম্যাচে জয় দিয়ে বাছাই পর্ব শেষ করতে চায় দলটি। ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।

সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচকে সামনে রেখে দল প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশের স্প্যানিশ প্রধান কোচ জাভিয়ের ক্যাবরেরা।

ভিয়েতনামের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলে পরদিনই সিঙ্গাপুরে পৌঁছান হামজা চৌধুরী ও জামাল ভূইয়ারা। একদিন বিশ্রামের পর গেয়লাং ট্রেনিং ফিল্ডে প্রায় ৫০ মিনিট অনুশীলন করে দল।

বাছাই পর্বে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ছয় ম্যাচে এখন পর্যন্ত পাঁচটি খেলে বাংলাদেশের সংগ্রহ ৫ পয়েন্ট। শেষ ম্যাচে জয় পেলে ৮ পয়েন্ট নিয়ে বাছাই শেষ করতে পারবে লাল-সবুজের প্রতিনিধিরা। কোচ ক্যাবরেরা বলেন, এটি দলের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ এবং ভালো সমাপ্তিই তাদের লক্ষ্য। তিন পয়েন্টের জন্য লড়াই করতে প্রস্তুত দল।

এরই মধ্যে মূল পর্ব নিশ্চিত করা সিংগাপুর দলের বিপক্ষে খেলতে নামলেও প্রতিপক্ষকে নিয়ে ভীত নন ক্যাবরেরা। তিনি মনে করেন, ভিয়েতনামের বিপক্ষে কঠিন ম্যাচ থেকে দল ইতিবাচক শিক্ষা পেয়েছে, যা কাজে লাগানো হবে।

ভিয়েতনামের কাছে ৩-০ গোলে হারলেও সেটিকে পেছনে ফেলে সামনে তাকাতে চান কোচ। কার্ডের কারণে তপু বর্মণ ও রাকিব হোসেনের অনুপস্থিতি কিছুটা ভোগালেও অন্যদের জন্য এটি সুযোগ বলে মনে করছেন তিনি। ফয়সাল আহমেদ ফাহিম ও কাজেম শাহ কিরমানি সম্পূর্ণ ফিট আছেন বলেও জানান কোচ।

ক্যাবরেরা বলেন, ছোটখাটো ভুল, বিশেষ করে সেটপিসে—কমানো গেলে জয় সম্ভব। ঢাকায় প্রথম লেগে ১-২ গোলে হারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের প্রত্যাশা করছেন তিনি।

এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপ থেকে ইতোমধ্যেই সিঙ্গাপুর মূল পর্বে জায়গা করে নিয়েছে। প্রতিপক্ষের প্রশংসা করে ক্যাবরেরা বলেন, তাদের কোচ জাপানি ধারার ফুটবল বজায় রেখে দলকে সফলতার দিকে নিয়ে গেছেন এবং তারা ইতিবাচক ফুটবল খেলছে।

সব মিলিয়ে বাছাই পর্বে লক্ষ্য পূরণ না হলেও শেষ ম্যাচে জয় দিয়ে আত্মবিশ্বাস ফিরে পেতে চায় বাংলাদেশ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪