স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লো-স্কোরিং রোমাঞ্চকর ম্যাচে করাচি কিংসের কাছে ৪ উইকেটে হেরেছে লাহোর কালান্দার্স। তবে হারলেও বল হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম-এ টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে লাহোর। মাত্র ৩ রানের মধ্যেই ওপেনার ফখর জামান (১) ফিরে যান। অন্য ওপেনার মোহাম্মদ নায়িম করেন ১৩ রান।
তিন নম্বরে নেমে কিছুটা প্রতিরোধ গড়েন আব্দুল্লাহ শফিক। তিনি ২৪ বলে ৩৩ রান করেন। পারভেজ হোসেন ইমন করেন ১২ রান। এছাড়া হাসিবুল্লাহ খান ২৮ ও সিকান্দার রাজা ১৯ রান করলেও বড় ইনিংসের দেখা মেলেনি।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৮ রানে থামে লাহোর কালান্দার্স। শেষ দিকে ব্যাট হাতে ১ বলে ১ রান করে অপরাজিত থাকেন মোস্তাফিজুর রহমান।
করাচির হয়ে বোলিংয়ে সমানতালে সাফল্য পান একাধিক বোলার। মইন আলী, মির হামজা ও এডাম জাস্পা নেন দুটি করে উইকেট। এছাড়া হাসান আলী, সালমান আগা ও আব্বাস আফ্রিদি একটি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় করাচি কিংস। অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৮ রান করে ফিরলে একই ওভারে আউট হন সালমান আগা। দুজনকেই ফেরান শাহিন শাহ আফ্রিদি।
পাওয়ারপ্লেতে ২৭ রান তুলতেই ২ উইকেট হারায় করাচি। পরে সাদ বেগ ও মোহাম্মদ ওয়াসিম কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। এই জুটিই ম্যাচে প্রাণ ফেরায়।
এরপর বোলিংয়ে এসে প্রথম ওভারেই উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। সাদ বেগকে ফেরিয়ে দেন তিনি। পুরো ম্যাচে ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ১ উইকেট নেন এই ‘কাটার মাস্টার’, যা ম্যাচে অন্যতম সেরা বোলিং পারফরম্যান্স।
শেষদিকে ম্যাচ জমে ওঠে। আজম খান ও খুশদিল শাহ দলকে জয়ের পথে রাখেন। শেষ ওভারে দরকার ছিল ১৪ রান। বোলিংয়ে আসেন হারিস রউফ। তবে বলের আকার পরিবর্তনের কারণে ৫ রান পেনাল্টি পায় করাচি, ফলে সমীকরণ নেমে আসে ৬ বলে ৯ রানে।
নাটকীয় এই ওভারে খুশদিল আউট হলেও পরে আব্বাস আফ্রিদি চার ও ছক্কা মেরে ম্যাচ শেষ করে দেন। ৫ বল হাতে রেখেই ৪ উইকেটে জয় নিশ্চিত করে করাচি কিংস।
লাহোরের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন শাহিন শাহ আফ্রিদি, যিনি ১৮ রান দিয়ে ৪ উইকেট নেন। এছাড়া হারিস রউফ ও মোস্তাফিজুর রহমান একটি করে উইকেট শিকার করেন।
ম্যাচটি কম রান হলেও শেষ পর্যন্ত রোমাঞ্চে ভরপুর ছিল, যেখানে শেষ মুহূর্তের দৃঢ়তায় জয় ছিনিয়ে নেয় করাচি কিংস।
রিপোর্টার্স২৪/বাবি