স্টাফ রিপোর্টার: আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্তভাবে আয়োজন করতে কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। পরীক্ষা কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, প্রতিটি কক্ষে দেয়ালঘড়ি স্থাপন এবং পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিত করাসহ নানা বাধ্যতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২৮ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক বি এম আব্দুল হান্নানের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়। এতে বলা হয়েছে, আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে।
মাউশি জানায়, পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম, প্রশ্নফাঁস বা নকল প্রতিরোধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। এ লক্ষ্যে কেন্দ্রসচিব, কক্ষ পরিদর্শকসহ মাঠপর্যায়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে কঠোরভাবে নির্দেশনা পালন করতে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি পরীক্ষা কেন্দ্র ও কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও তা সচল রাখতে হবে। যেসব কেন্দ্রে ক্যামেরা অচল রয়েছে, পরীক্ষা শুরুর আগেই তা মেরামত করে কার্যকর করতে হবে। ক্যামেরায় ধারণ করা ভিডিও সংরক্ষণ করতে হবে এবং প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সরবরাহ করতে হবে।
এছাড়া প্রতিটি কক্ষে কাঁটাওয়ালা দেয়ালঘড়ি টাঙানো বাধ্যতামূলক করা হয়েছে, যাতে পরীক্ষার্থীরা নির্ধারিত সময় সঠিকভাবে অনুসরণ করতে পারে। কেন্দ্রের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
নিরাপত্তা জোরদারে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের কথা বলা হয়েছে। কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষার হলে কোনো শিক্ষক বা পরীক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।
নকল প্রতিরোধে পরীক্ষার্থীদের প্রবেশের আগে দেহ তল্লাশি করা হবে। মেয়েদের ক্ষেত্রে নারী শিক্ষকের মাধ্যমে তল্লাশির ব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য নির্দেশনামূলক নোটিশ টাঙিয়ে দিতে বলা হয়েছে।
মাউশি আরও জানিয়েছে, কোনো পরীক্ষার্থী যাতে কোনোভাবেই অসদুপায় অবলম্বন করতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এসব কঠোর পদক্ষেপ বাস্তবায়িত হলে পরীক্ষার স্বচ্ছতা বাড়বে এবং প্রশ্নফাঁস ও নকলের প্রবণতা কমবে।
রিপোর্টার্স২৪/বাবি