বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে ‘অন্তরঙ্গ অবস্থায়’ এক প্রেমিক যুগলকে আটক করেছেন সাধারণ শিক্ষার্থীরা। পরে তাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে পুলিশ ফাঁড়িতে নেওয়া হলে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
শনিবার (২৮ মার্চ) রাতের দিকে ক্যাম্পাসের একটি নির্জন স্থানে কয়েকজন শিক্ষার্থী ওই যুগলকে দেখতে পেয়ে তাদের আটক করেন। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলে ইনফরমেশন সিস্টেমস (আইএস) বিভাগের প্রধানের তত্ত্বাবধানে তাদের পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।
আটককৃতদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর দর্শন বিভাগের শিক্ষার্থী এবং অপরজন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের ছাত্রী বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ঘটনার সময় ক্যাম্পাসে শিক্ষার্থীদের চলাচল কম থাকায় বিষয়টি নজরে আসে এবং পরে অন্য শিক্ষার্থীরা সেখানে জড়ো হয়ে তাদের আটক করে। ঘটনার পর ক্যাম্পাসজুড়ে এ নিয়ে আলোচনা শুরু হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, ক্যাম্পাসের ভেতরে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, সম্প্রতি ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষায় নজরদারি বাড়ানো হয়েছে। মাদক ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে।
তবে এ ঘটনায় শিক্ষার্থীদের একটি অংশের মধ্যে ভিন্ন মতও দেখা গেছে। তাদের দাবি, ব্যক্তিগত বিষয়ে অতিরিক্ত হস্তক্ষেপ না করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করা।
ঘটনাটি নিয়ে ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সুস্পষ্ট নীতিমালার দাবি জানিয়েছেন অনেকেই।
রিপোর্টার্স২৪/বাবি