| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাবিতে চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগে ৬ বাস আটক

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৯, ২০২৬ ইং | ০২:১৮:০২:পূর্বাহ্ন  |  ৪০৭৩৪০ বার পঠিত
জাবিতে চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগে ৬ বাস আটক

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছেন সহপাঠীরা। ঘটনার প্রতিবাদে ‘ঠিকানা পরিবহন’-এর ছয়টি বাস আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (২৮ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মামুন সরকার, রাজনীতি বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী। তিনি জানান, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বিশমাইল এলাকা থেকে ঠিকানা পরিবহনের একটি বাসে ওঠেন। ডেইরি গেটে নামতে চাইলে বাসের হেলপার তার সঙ্গে দুর্ব্যবহার করে এবং জাবির শিক্ষার্থীদের বাসে না তোলার কথা বলে। একপর্যায়ে আরেকজন হেলপার তাকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তিনি হাঁটু ও হাতে আঘাত পান।

ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে মামুন সরকার বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাতেই শিক্ষার্থীরা একত্রিত হয়ে ঠিকানা পরিবহনের ছয়টি বাস আটক করে। পরে বাসগুলোর চাবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঠিকানা পরিবহনের এক কর্মী বলেন, একটি বাস থেকে শিক্ষার্থীকে ধাক্কা দেওয়ার অভিযোগের বিষয়টি তারা শুনেছেন। জড়িত হেলপারকে শনাক্তের চেষ্টা চলছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম ঘটনাটিকে ন্যক্কারজনক উল্লেখ করে বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীরা বিচারের দাবিতে বাস আটক করেছে এবং সেগুলোর চাবি পুলিশের কাছে জমা দিয়েছে।

তিনি আরও জানান, ঠিকানাসহ বিভিন্ন পরিবহন কর্তৃপক্ষকে আগেও সতর্ক করা হলেও চালক-হেলপারদের অসদাচরণ বন্ধ হচ্ছে না। সংশ্লিষ্ট মালিকপক্ষকে অবহিত করা হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীরা দ্রুত বিচার এবং গণপরিবহনে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪