রিপোর্টার্স২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসা হাতে থাকলেই দেশটিতে প্রবেশ নিশ্চিত হয় না এমন গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার (২৮ মার্চ) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ভিসাধারীদের এ বিষয়ে সতর্ক করা হয়।
দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় নির্ভর করে প্রবেশস্থলের (পোর্ট অব এন্ট্রি) ইমিগ্রেশন কর্মকর্তার ওপর। একজন ভ্রমণকারী দেশটিতে প্রবেশ করতে পারবেন কি না, এমনকি কতদিন অবস্থান করতে পারবেন তা নির্ধারণের পূর্ণ ক্ষমতা থাকে ওই কর্মকর্তার হাতে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনেকেই মনে করেন ভিসা পাওয়া মানেই যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তা মিলেছে—কিন্তু বাস্তবে বিষয়টি ভিন্ন। ইমিগ্রেশন কর্মকর্তা প্রয়োজন মনে করলে যেকোনো ভিসাধারীকেই প্রবেশে বাধা দিতে পারেন।
ভিসা ব্যবহারে নিয়ম মেনে চলার ওপরও জোর দিয়েছে দূতাবাস। নির্ধারিত সময়ের বেশি অবস্থান করা কিংবা ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয় এমন কাজে জড়ানোযেমন ট্যুরিস্ট ভিসায় গিয়ে চাকরি করা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। এসব নিয়ম লঙ্ঘনের ফলে ভবিষ্যতে সংশ্লিষ্ট ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞাও আরোপ হতে পারে।
দূতাবাস স্পষ্ট করেছে, ভিসার সঠিক ব্যবহার সম্পূর্ণভাবে ভ্রমণকারীর দায়িত্ব। নিয়ম মেনে অবস্থান এবং সময়মতো দেশে ফিরে আসার ওপরই ভবিষ্যতে ভিসা পাওয়ার সম্ভাবনা নির্ভর করে।
সাম্প্রতিক সময়ে ভিসা জালিয়াতি ও অতিরিক্ত সময় অবস্থানের ঘটনা বেড়ে যাওয়ায় কঠোর নজরদারির অংশ হিসেবে এমন সতর্কবার্তা নিয়মিত দেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম