সিনিয়র রিপোর্টার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী শারমীন জাহান হত্যা মামলায় গ্রেপ্তারকৃত তার স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (২৭ মার্চ) দুই দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে ফাহিমকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ২৪ মার্চ আদালত ফাহিমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের ঘটনার বিভিন্ন দিক উদঘাটনের চেষ্টা করা হয় বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৫ মার্চ সাভারের ইসলামনগর এলাকায় একটি ভাড়া বাসা থেকে শারমীন জাহানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ঘটনার পর নিহতের চাচা মনিরুল ইসলাম আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ওই রাতেই ঢাকা কলেজের শিক্ষার্থী ফাহিম আল হাসানকে গ্রেপ্তার করে। তদন্ত সংশ্লিষ্টরা জানান, ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি