| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদি হত্যা: ফয়সাল-আলমগীর ১১ দিনের এনআইএ রিমান্ডে

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৬, ২০২৬ ইং | ২১:১৪:৫৬:অপরাহ্ন  |  ৪১৩৩১১ বার পঠিত
হাদি হত্যা: ফয়সাল-আলমগীর ১১ দিনের এনআইএ রিমান্ডে
ছবির ক্যাপশন: সংগৃহীত

কলকাতা প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনকে ১১ দিনের রিমান্ডে নিয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিল্লির পাটিয়ালা হাউজ কোর্ট-এর অতিরিক্ত সেশন জজ প্রশান্ত শর্মা শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৩ মার্চ ট্রানজিট রিমান্ডে তাদের দিল্লিতে নিয়ে যায় এনআইএ।

মঙ্গলবার (২৪ মার্চ) অভিযুক্তদের এনআইএ’র বিশেষ আদালতে হাজির করা হলে সংস্থার পক্ষে সিনিয়র পাবলিক প্রসিকিউটর রাহুল ত্যাগী আদালতে বলেন, ফয়সাল ও আলমগীর অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। এ কারণে হত্যাকাণ্ডের পেছনে বৃহত্তর কোনো ষড়যন্ত্রের বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পরিকল্পনার বিস্তারিত তথ্য উদঘাটন প্রয়োজন বলেও তিনি যুক্তি দেন।

এর আগে, গত ৮ মার্চ বাংলাদেশ সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তারের পর বিধাননগর মহকুমা আদালত প্রথমে ১৪ দিনের এসটিএফ রিমান্ড মঞ্জুর করে। সেই রিমান্ড শেষে গত ২২ মার্চ আদালত তাদের ১২ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়। পরবর্তীতে মামলাটি এনআইএ’র হাতে ন্যস্ত হলে সংস্থাটি তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেটধারী দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করে। পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪