সাভার প্রতিনিধি: স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে এক নারীকে তার তিন সন্তানসহ গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নিয়েছে।
বৃহস্পতিবার বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে স্মৃতিসৌধের ফোয়ারার সামনে থেকে তাকে হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাইদুল ইসলাম।
হেফাজতে নেওয়া ওই নারীর নাম তাহমিনা আক্তার। তিনি কুমিল্লার বাসিন্দা হলেও বর্তমানে রাজধানীর লালবাগ এলাকায় বসবাস করেন। তিনি সরকারি কর্মচারী হাসপাতালে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
তাহমিনা আক্তার দাবি করেন, তিনি তিন সন্তানকে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে এসেছিলেন। একই সঙ্গে তিনি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে এসেছেন বলেও জানান।
ডিবি সূত্র জানায়, ওই নারী স্মৃতিসৌধ এলাকায় আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিচ্ছিলেন। তার কাছে দলটির লিফলেটও পাওয়া গেছে।
ডিবির ওসি সাইদুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দলের পক্ষে স্লোগান দেওয়ায় তাকে হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এসসি