ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৫ মার্চের কালরাত্রি স্মরণে গণহত্যা দিবস পালিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সন্ধ্যায় স্মৃতি চিরন্তন চত্বরে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে মোমবাতি প্রজ্বলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তিনি।
অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা নিয়ে একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডগুলোর একটি। এ রাতে বিশ্ববিদ্যালয় পরিবারের বহু সদস্য প্রাণ হারান। তিনি শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।
তিনি আরও বলেন, ২৫ মার্চের গণহত্যার মধ্য দিয়েই শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। তবে স্বাধীনতার পরও বৈষম্যহীন সমাজ গঠনের আকাঙ্ক্ষা পুরোপুরি পূরণ হয়নি বলে মন্তব্য করেন তিনি।
আলোচনা শেষে উপাচার্যের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা জগন্নাথ হলের গণসমাধিতে গিয়ে মোমবাতি প্রজ্বলন ও শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পালসহ অন্যরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব স্থানে এক মিনিটের ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হয়। এছাড়া কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়ায় বাদ জোহর বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
রিপোর্টার্স২৪/বাবি