স্পোর্টস ডেস্ক: কনর এস্তেহেইজেনের ঝলমলে ব্যাটিংয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচ জিতে ঘুরে দাঁড়াল দক্ষিণ আফ্রিকা। সিরিজ নির্ধারণী পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ৩৩ রানের জয় পেয়ে পাঁচ ম্যাচের লড়াই ৩-২ ব্যবধানে নিজেদের করে নেয় প্রোটিয়ারা।
বুধবার ক্রাইস্টচার্চের হাগলি ওভালে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা তোলে ১৮৭ রান। দলের পক্ষে সবচেয়ে উজ্জ্বল ছিলেন তরুণ ব্যাটার এস্তেহেইজেন। তার ৩৩ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংসে ছিল ৫টি চার ও ৬টি ছক্কা।
জবাবে নিউ জিল্যান্ড ৮ উইকেটে ১৫৪ রানের বেশি করতে পারেনি। দলের পক্ষে বেভন জ্যাকবস ১৯ বলে ৩৬ রানের ইনিংস খেললেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। দক্ষিণ আফ্রিকার হয়ে জেরাল্ড কুটসিয়া, ভিয়ান মুল্ডার ও ওটনিল বার্টম্যান নেন ২টি করে উইকেট।
এই জয়ে কিউইদের মাঠে টানা তিন টি-টোয়েন্টি সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। সব মিলিয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে টানা ছয় সিরিজে অপরাজিত থাকল প্রোটিয়ারা।
ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কার জেতেন এস্তেহেইজেন। সিরিজে দুই ম্যাচ মিলিয়ে ২০০ রান করেন ২৪ বছর বয়সী এই ব্যাটার।
আগে ব্যাট করতে নেমে একাদশ ওভারের প্রথম বলে দ্বিতীয় উইকেট হারানোর সময় দক্ষিণ আফ্রিকার রান ছিল ৭৬। সেখান থেকে এস্তেহেইজেনের দাপটে শেষ ৫৯ বলে আসে আরও ১০৮ রান। দ্রুতগতিতে ফিফটি তুলে নিয়ে তিনি ইনিংসের শেষদিকে আক্রমণ আরও জোরদার করেন।
দলের পক্ষে রুবিন হারমান ৩১ বলে ৩৯ এবং ভিয়ান মুল্ডার ২৯ বলে ৩১ রান করেন। নিউ জিল্যান্ডের বেন সিয়ার্স ৩৭ রানে নেন ২ উইকেট।
রিপোর্টার্স২৪/বাবি