স্পোর্টস ডেস্ক: দীর্ঘ গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বিদায়ের ঘোষণা দিলেন মিশরের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ। প্রায় এক দশকের সোনালি অধ্যায় শেষে লিভারপুল ছাড়ছেন এই কিংবদন্তি উইঙ্গার।
মঙ্গলবার রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় সালাহ নিজেই জানান, চলতি মৌসুম শেষেই অ্যানফিল্ডে তার যাত্রার ইতি ঘটবে। ২০১৭ সালে এএস রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়া এই তারকা বলেন,
দুর্ভাগ্যজনকভাবে সেই দিনটি চলে এসেছে এই মৌসুম শেষে আমি লিভারপুল ছাড়ব।
পুরো মৌসুমজুড়ে তার ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চলছিল। ২০২৫ সালে চুক্তি বাড়ালেও নতুন কোচ আর্নে স্লট-এর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হয়ে ওঠে। একাধিক ম্যাচে বেঞ্চে বসে থাকতে হওয়ায় হতাশা প্রকাশ করে তিনি বলেছিলেন, আমাকে বাসের নিচে ফেলে দেওয়া হয়েছে।
মাঠের পারফরম্যান্সেও ছিল ছন্দপতন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে করেছেন মাত্র ১০ গোল—অ্যানফিল্ডে তার ক্যারিয়ারের সবচেয়ে কম গোলের মৌসুম হতে যাচ্ছে এটি। মাঝপথে দল ছাড়ার জোর গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত মৌসুম শেষেই বিদায়ের সিদ্ধান্ত নেন তিনি।
ভিডিও বার্তায় আবেগঘন কণ্ঠে সালাহ বলেন, এই ক্লাবটি আমার হৃদয়ের কতটা গভীরে জায়গা নিয়েছে, তা কখনও ভাবিনি। লিভারপুল শুধু একটি ক্লাব নয়, এটি একটি অনুভূতি, একটি পরিবার।
সমর্থকদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, আপনারা আমার ক্যারিয়ারের সেরা সময় দিয়েছেন। কঠিন সময়েও পাশে ছিলেন। বিদায় বলা সহজ নয় আমি সবসময় আপনাদের একজন হয়ে থাকব।
সালাহর বিদায়ের পর এক বিবৃতিতে লিভারপুল জানায়, ক্লাবের সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত হয়েছে। ২০২৫-২৬ মৌসুম শেষে আনুষ্ঠানিকভাবে শেষ হবে তার নয় বছরের বর্ণাঢ্য অধ্যায়। এই সময়ের মধ্যে লিভারপুলের জার্সিতে ৪৩৫ ম্যাচে ২৫৫ গোল করে ক্লাবের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতার অবস্থানে উঠে এসেছেন সালাহ। তার সামনে রয়েছেন ইয়ান রাশ ও রজার হান্ট।
ব্যক্তিগত অর্জনেও তিনি অনন্য চারবার প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট, তিনবার বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি। দলগতভাবে জিতেছেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগসহ একাধিক শিরোপা।
অ্যানফিল্ডে তার বিদায় শুধু একটি অধ্যায়ের সমাপ্তি নয় এটি এক কিংবদন্তির যাত্রাবিরতির মুহূর্ত, যা দীর্ঘদিন স্মরণে রাখবে ফুটবল বিশ্ব।
রিপোর্টার্স২৪/ঝুম