| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

না ফেরার দেশে ‘সুপারম্যান’খ্যাত অভিনেত্রী ভ্যালেরি পেরিন

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ১২:১০:৪৯:অপরাহ্ন  |  ৪৪১০০০ বার পঠিত
না ফেরার দেশে ‘সুপারম্যান’খ্যাত অভিনেত্রী ভ্যালেরি পেরিন

বিনোদন ডেস্ক: হলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ভ্যালেরি পেরিন আর নেই। গত ২৩ মার্চ যুক্তরাষ্ট্রের বেভারলি হিলস-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারকিনসন রোগ-এ ভুগছিলেন এই অভিনেত্রী। ২০১৫ সালে তার শরীরে এই রোগ ধরা পড়ে। দীর্ঘ অসুস্থতার মাঝেও শেষ দিন পর্যন্ত সাহস ও ইতিবাচক মনোভাব নিয়ে লড়াই চালিয়ে গেছেন তিনি। ঘনিষ্ঠজনদের ভাষায়, তিনি কখনো অভিযোগ করেননি বরং জীবনকে উদযাপন করেই কাটিয়েছেন প্রতিটি মুহূর্ত।

১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘লেনি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ারের অন্যতম বড় স্বীকৃতি পান পেরিন। স্ট্যান্ডআপ কমেডিয়ান লেনি ব্রুস-এর জীবনভিত্তিক এই ছবিতে ডাস্টিন হফম্যান-এর বিপরীতে ‘হানি’ চরিত্রে তার অনবদ্য অভিনয় তাকে অস্কার মনোনয়ন এনে দেয়।

তবে সাধারণ দর্শকের কাছে তিনি সবচেয়ে বেশি পরিচিত ‘সুপারম্যান’ সিরিজে ‘মিস টেশম্যাকার’ চরিত্রে অভিনয়ের জন্য। ক্রিস্টোফার রিভ অভিনীত সুপারম্যানের বিপরীতে ভিলেন লেক্স লুথারের সহযোগী হিসেবে তার উপস্থিতি ছিল স্মরণীয়। চরিত্রটিতে তিনি গ্ল্যামারের পাশাপাশি মানবিক দ্বন্দ্বও দারুণভাবে ফুটিয়ে তুলেছিলেন।

এছাড়াও ‘দ্য লাস্ট আমেরিকান হিরো’ ও ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এর মতো চলচ্চিত্র এবং ‘ইআর’, ‘দ্য প্র্যাকটিস’, ‘ন্যাশ ব্রিজেস’-এর মতো জনপ্রিয় টিভি সিরিজেও অভিনয় করেছেন তিনি।

ক্যারিয়ারের শুরুতে লাস ভেগাসে শোগার্ল হিসেবে কাজ করা থেকে শুরু করে ‘প্লেবয়’-এর কভার গার্ল হওয়া—গ্ল্যামার জগতের পরিচিত মুখ ছিলেন ভ্যালেরি পেরিন। তবে অভিনয়ের গভীরতা দিয়ে তিনি গড়ে তুলেছিলেন নিজের আলাদা অবস্থান।

হলিউডের এই তারকার বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে ভক্তদের মাঝে।

সূত্র: ভ্যারাইটি 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪