সিনিয়র রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতর ঘিরে লঞ্চযাত্রায় এবার স্মরণকালের সবচেয়ে কম দুর্ভোগ হয়েছে বলে দাবি করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান।
সোমবার (২৩ মার্চ) রাতে বরিশাল নদীবন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া নেওয়ার নজির পাওয়া গেছে। লঞ্চে ১০ শতাংশ ভাড়া কমানোর নির্দেশনা কার্যকর আছে কি না, সেটিও সরেজমিনে দেখা হয়েছে। তার দাবি, ডেক ও কেবিন- কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ মেলেনি।
তিনি স্বীকার করেন, সীমাবদ্ধতা থাকলেও সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেবার মান ঠিক রাখার চেষ্টা করছে সংশ্লিষ্টরা। ‘আমাদের যতটুকু সামর্থ্য আছে, তা দিয়েই সৎভাবে কাজ করছি’- বলেন তিনি।
শৃঙ্খলা বজায় রাখতে বেশ কিছু নির্দেশনাও দিয়েছেন প্রতিমন্ত্রী। এর মধ্যে রয়েছে- লঞ্চের সামনে যাত্রী ডাকা স্থায়ীভাবে বন্ধ করা, ডেকে অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধে কঠোর নজরদারি এবং টানাহেঁচড়া বা অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা।
এছাড়া টার্মিনাল ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে লঞ্চ নোঙরের ক্ষেত্রেও নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে প্রতিমন্ত্রী নদীবন্দরে নোঙর করা একাধিক লঞ্চ ঘুরে দেখেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে ধারণা নেন।
রিপোর্টার্স২৪/আরকে