সিনিয়র রিপোর্টার : উৎসবের বিরতি শেষে প্রশাসনের চাকা আবার ঘুরতে শুরু করেছে। আর সেই ফেরার দিনটিকেই কাজে লাগিয়ে নিজেদের মধ্যে সমন্বয় ও নতুন উদ্যম তৈরির বার্তা দিল নির্বাচন কমিশন (ইসি)।
পবিত্র ঈদুল ফিতর-এর দীর্ঘ ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত হয়েছে কমিশনের ঈদ পরবর্তী পুনর্মিলনী ও মতবিনিময় সভা। উৎসব-পরবর্তী এই অনানুষ্ঠানিক আয়োজন হলেও এর ভেতরে লুকিয়ে আছে প্রশাসনিক গতি ফেরানোর এক গুরুত্বপূর্ণ বার্তা।
সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, বেগম তাহমিদা আহমদ, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা।
ইসি সূত্র বলছে, এটি শুধু শুভেচ্ছা বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং সামনে জমে থাকা কাজগুলো দ্রুত এগিয়ে নেওয়ার জন্য এটি এক ধরনের ‘ওয়ার্ম-আপ সেশন’।
বিশেষ করে- বর্তমান নির্বাচনী পরিবেশ, ঝুলে থাকা প্রশাসনিক সিদ্ধান্ত ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন। এসব বিষয় নিয়েই প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানা গেছে।
প্রতি বছর ঈদের পর এমন অনানুষ্ঠানিক বৈঠক হলেও এবার প্রেক্ষাপট কিছুটা আলাদা। সামনে স্থানীয় সরকার নির্বাচন এবং প্রশাসনিক নানা প্রস্তুতি থাকায় এই বৈঠককে অনেকেই দেখছেন ‘নীরব প্রস্তুতির সূচনা’ হিসেবে।
রিপোর্টার্স২৪/আরকে