| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোহিঙ্গা ইস্যুতে বারোটা বাজিয়েছে শেখ হাসিনা সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৩, ২০২৬ ইং | ১৫:২৬:০০:অপরাহ্ন  |  ৪৪৪৮০৬ বার পঠিত
রোহিঙ্গা ইস্যুতে বারোটা বাজিয়েছে শেখ হাসিনা সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: রোহিঙ্গা সংকট মোকাবিলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র সরকারের তীব্র সমালোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনা সরকার পুরা বারোটা বাজিয়ে দিয়ে গেছে। এখানে কার্যত কোনো কাজই হয়নি।

সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী দাবি করেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে বিএনপির অভিজ্ঞতা রয়েছে। অতীতে দুইবার সফলভাবে এই সংকট মোকাবিলা করা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। তবে বর্তমান পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি জটিল হয়ে উঠেছে বলে জানান।

তিনি বলেন, সীমান্ত এলাকায় এখন অত্যন্ত অস্থির ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। এই বাস্তবতা মাথায় রেখে রোহিঙ্গাদের প্রত্যাবাসন (রিপ্যাট্রিয়েশন) প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। তার মতে, এটি শুধু কূটনৈতিক নয়, বরং একটি বড় রাজনৈতিক ইস্যু।

প্রতিমন্ত্রী আরও বলেন, মিয়ানমার সরকার ও আরাকান আর্মি উভয়ের সঙ্গেই সমন্বয় রেখে কাজ করতে হবে, যাতে একটি স্থায়ী সমাধান আসে। আমরা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চাই, কিন্তু তারা কোথায় যাবে সেই নিরাপদ পরিবেশ তৈরি হওয়া জরুরি, বলেন তিনি।

তিনি জানান, মিয়ানমারে নতুন সরকার গঠনের পর তাদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও বিভিন্ন পর্যায়ে যোগাযোগ চলছে।

শামা ওবায়েদ ইসলাম বলেন, শুধু দ্বিপাক্ষিকভাবে মিয়ানমারের সঙ্গে আলোচনা করে এ সংকটের সমাধান সম্ভব নয়। এজন্য আসিয়ানভুক্ত দেশ, চীন, ভারত, মুসলিম বিশ্ব ও পশ্চিমা দেশগুলোর সমন্বিত সহযোগিতা প্রয়োজন। তার মতে, রোহিঙ্গা সংকট এখন বৈশ্বিক একটি বড় ইস্যুতে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, তবে একইসঙ্গে তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করাও জরুরি। এজন্য সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে কৌশলগতভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছরে যারা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত, তাদের বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি জানান, আইন অনুযায়ী বিচার নিশ্চিত করতে এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪