রিপোর্টার্স২৪ ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের পাশে সরকার সব সময় রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলে আশ্বস্ত করেছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (২০ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফ হোসেন-এর মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, নিহতের পরিবারকে সরকারিভাবে প্রাপ্য সব সহায়তা দেওয়া হবে। পাশাপাশি মোশাররফ হোসেনের দুই সন্তানের পড়ালেখার খরচ বহন করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। দাফন কার্য সম্পন্নের জন্য তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে এবং ঈদের পর ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে আরও তিন লাখ টাকা সহায়তা দেওয়া হবে।
আরিফুল হক চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় সরকার সব সময় প্রবাসীদের কল্যাণে কাজ করছে। যুদ্ধ পরিস্থিতি শেষে যারা পুনরায় কর্মস্থলে ফিরতে চাইবেন, তাদের জন্যও সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করা হবে।
এ সময় উপস্থিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, নিহতের পরিবারকে সম্ভাব্য সব ধরনের আর্থিক সহযোগিতা দেওয়া হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সব সংস্থা সক্রিয়ভাবে কাজ করছে। বিদেশে বাংলাদেশি মিশনগুলো নাগরিকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করছে।
তিনি আরও বলেন, প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী প্রবাসীদের দেশে ফিরিয়ে আনার প্রস্তুতিও সরকারের রয়েছে। একই সঙ্গে বাংলাদেশ চায় দ্রুত যুদ্ধ পরিস্থিতির অবসান হোক এবং কূটনৈতিক সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান হোক।
উল্লেখ্য, সৌদি আরবের আল-খারাজ এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফ হোসেনের মরদেহ শুক্রবার সকালে ঢাকায় পৌঁছায়।
রিপোর্টার্স২৪/ঝুম