| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ, শাহজালালে বাতিল ৬১৪ ফ্লাইট

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৯, ২০২৬ ইং | ০৭:১৯:৫৮:পূর্বাহ্ন  |  ৪৬৩১২৯ বার পঠিত
মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ, শাহজালালে বাতিল ৬১৪ ফ্লাইট

স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা সংকটের প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলেও। আকাশসীমা বন্ধ ঘোষণার জেরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান আকাশসীমা বন্ধ করায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে বুধবার (১৮ মার্চ) পর্যন্ত মোট ৬১৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। প্রতিদিনই মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিলের প্রবণতা অব্যাহত রয়েছে।

পরিসংখ্যানে দেখা গেছে, ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিলের মাধ্যমে পরিস্থিতির শুরু হয়। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ৩২টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৬টি, ১৫ মার্চ ২৩টি, ১৬ মার্চ ৩১টি, ১৭ মার্চ ৩১টি এবং ১৮ মার্চ ২৬টি ফ্লাইট বাতিল হয়েছে।

এছাড়া ১৯ মার্চ (স্থানীয় সময় রাত ১২টার পর) আরও ২৬টি ফ্লাইট বাতিলের তথ্য পাওয়া গেছে। এসব ফ্লাইটের মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট।

একই সময়ে সীমিত আকারে কিছু ফ্লাইট পরিচালিত হলেও তা যাত্রী চাহিদার তুলনায় যথেষ্ট নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ২৮ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ পর্যন্ত মোট ৭১৪টি ফ্লাইট পরিচালিত বা পরিচালনার পরিকল্পনা ছিল।

ফ্লাইট পরিচালনার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ওমানের মাসকাট, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতগামী ফ্লাইটই তুলনামূলক বেশি পরিচালিত হয়েছে। বিভিন্ন দিনে এসব রুটে ৩০ থেকে ৪৮টি পর্যন্ত ফ্লাইট চলাচল করেছে।

সংশ্লিষ্টরা জানান, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে আকাশপথে চলাচলে ঝুঁকি বেড়ে যাওয়ায় সংশ্লিষ্ট দেশগুলো এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এর ফলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের প্রভাব পড়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিল বা সময়সূচিতে পরিবর্তন অব্যাহত থাকতে পারে। এতে যাত্রীদের ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

ভ্রমণের আগে যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ ফ্লাইট তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪