রিপোর্টার্স২৪ ডেস্ক: নারীর সমঅধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ যে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ—তা আবারও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছেন দেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মঙ্গলবার (১৭ মার্চ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নারীর অবস্থা বিষয়ক কমিশনের ৭০তম অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেইজিং ঘোষণা ও কর্মপরিকল্পনা এবং ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বাংলাদেশ সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচার নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, সমাজে অবস্থান, পরিচয় কিংবা আর্থ-সামাজিক বৈষম্য যেন কোনো নারীর ন্যায়বিচার পাওয়ার পথে বাধা না হয়ে দাঁড়ায়—সেই লক্ষ্যেই কাজ করছে বাংলাদেশ। প্রতিটি নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ ও সহজলভ্য আইনি সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নারীদের সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের মর্যাদা আরও বাড়িয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, সংঘাত এবং ডিজিটাল বৈষম্যের মতো চ্যালেঞ্জগুলো নারীদের জন্য নতুন প্রতিবন্ধকতা তৈরি করছে। বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক নারীরা এসব সমস্যায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এসব চ্যালেঞ্জ মোকাবিলায় নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করা, বিচার ব্যবস্থায় তাদের অংশগ্রহণ বাড়ানো এবং মানবপাচার প্রতিরোধে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, নারীর অবস্থা বিষয়ক কমিশনের ৭০তম অধিবেশন ৯ থেকে ১৯ মার্চ পর্যন্ত নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে নারী ও কন্যাশিশুর ন্যায়বিচার নিশ্চিতকরণে বৈশ্বিক অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম