রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের আগে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে। সৌভাগ্যক্রমে বড় কোনো যানজট দেখা যায়নি।
সোমবার (১৬ মার্চ) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৫,৬৫৮টি যানবাহন সেতু পারাপার করেছে। এই যানবাহন থেকে ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা টোল আদায় করা হয়েছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, পাবলিক পরিবহনে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আগের রেশনিং পদ্ধতি প্রত্যাহার করা হয়েছে এবং পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, “সরকার ২৫ দিনের মধ্যে সকল দায়িত্ব পালন করছে, জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে অগ্রাধিকার দিচ্ছে।”
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে পটুয়াখালীর গলাচিপায় লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া সড়কের ৭০ কিলোমিটার এলাকায় ‘রাবনাবাদ সেতু’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
শেখ রবিউল আলম জানান, রাবনাবাদ সেতু নির্মাণ হলে এলাকায় জনভোগান্তি লাঘব হবে, অর্থনীতিতে গতি আসবে, কর্মজীবীরা সহজে পণ্য পরিবহন করতে পারবে এবং উপজেলা থেকে জেলা ও রাজধানীর সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপন হবে। তিনি বলেন, এটি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করবে এবং জনবান্ধব সরকারের কার্যক্রমের অংশ।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর, রেলপথ ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
রিপোর্টার্স২৪/ঝুম