| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধ্যপ্রাচ্য সংকট : শাহজালাল থেকে বাতিল ৫২৮ ফ্লাইট

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৬, ২০২৬ ইং | ১৫:২৫:২৬:অপরাহ্ন  |  ৪৯৯৮৬২ বার পঠিত
মধ্যপ্রাচ্য সংকট : শাহজালাল থেকে বাতিল ৫২৮ ফ্লাইট

রিপোর্টার্স২৪ ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক আকাশপথে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের প্রধান বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এও। বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ থাকায় গত ১৭ দিনে এখান থেকে মোট ৫২৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত এই বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি বাতিল হয় ২৩টি ফ্লাইট। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়।

এছাড়া ৪ মার্চ ৩২টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি এবং ৭ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়। ৮ মার্চ বাতিল হয় ২৮টি ফ্লাইট, ৯ মার্চ ৩৩টি এবং ১০ মার্চ ৩২টি ফ্লাইট।

এরপরও বাতিলের ধারা অব্যাহত থাকে। ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৬টি এবং ১৫ মার্চ ২৩টি ফ্লাইট বাতিল করা হয়।

রোববার (১৫ মার্চ) রাত ১২টার পরও ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে। ওই দিন কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৮টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, ফ্লাইদুবাইয়ের ৪টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি ফ্লাইট বাতিল করা হয়। সব মিলিয়ে সেদিন মোট ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে।

মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান—নিরাপত্তাজনিত কারণে তাদের আকাশসীমা বন্ধ রাখায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

টানা ফ্লাইট বাতিলের কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মীরা। অনেক যাত্রী ভ্রমণ অনিশ্চয়তায় পড়েছেন এবং কেউ কেউ ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার আশঙ্কায় উদ্বেগে আছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা পুরোপুরি স্বাভাবিক হওয়া কঠিন হতে পারে।


রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪