রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস-এর মস্তিষ্কে দুই দফায় সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার (১৪ মার্চ) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় অস্ত্রোপচারের সফলতা নিশ্চিত করেন। একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে মির্জা আব্বাসের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।
মন্ত্রী লিখেছেন, আপনাদের সবার দোয়ায় বরেণ্য রাজনীতিবিদ মির্জা আব্বাস এমপির দুটো অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।
এর আগে শুক্রবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে মির্জা আব্বাসকে জরুরি ভিত্তিতে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। প্রথম দফা সন্ধ্যার আগে এবং শারীরিক অবস্থা বিবেচনায় রাতেই দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।
গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
রিপোর্টার্স২৪/ঝুম