রিপোর্টার্স২৪ ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকি ও আকাশপথ বন্ধ থাকায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজও মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে যাওয়ার ২৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে যাওয়ার নির্ধারিত এসব ফ্লাইট উড্ডয়ন করতে পারেনি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান। ফলে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনায় জটিলতা তৈরি হয়েছে।
আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজ এর ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ) এর ২টি, গালফ এয়ার এর ২টি, কাতার এয়ারওয়েজ এর ৪টি, এমিরেটস এর ৪টি, জাজিরা এয়ারওয়েজ এর ৪টি এবং ফ্লাইদুবাই এর ৪টি ফ্লাইট।
একই কারণে গত ১২ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়েছিল। সব মিলিয়ে গত ১৫ দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ৪৪৭টি ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে এই অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
রিপোর্টার্স২৪/ঝুম