| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খামেনির মৃত্যুতে বাংলাদেশের সংসদে শোক প্রস্তাব

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ০৫:০১:০১:পূর্বাহ্ন  |  ৫৫৩৪৩১ বার পঠিত
খামেনির মৃত্যুতে বাংলাদেশের সংসদে শোক প্রস্তাব

স্টাফ রিপোর্টার: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও শিয়া মুসলিম ধর্মগুরু আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হোসেইনী খামেনির মৃত্যুতে ত্রয়োদশ জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে এ শোক প্রস্তাব উপস্থাপন করা হয়।

শোক প্রস্তাবে বলা হয়, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে বিশ্ব একজন মহান নেতা, বিচক্ষণ ব্যক্তিত্ব ও প্রভাবশালী ধর্মীয় নেতাকে হারিয়েছে। সংসদ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার শান্তি কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

এ শোক প্রস্তাবের একটি অনুলিপি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভাষান্তর করে খামেনির শোকসন্তপ্ত পরিবারের কাছে পাঠানো হবে বলে জানানো হয়েছে।

শোক প্রস্তাবে উল্লেখ করা হয়, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। তিনি ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানের নতুন শাসনব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

১৯৮০ সালে অল্প সময়ের জন্য দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং ইরান-ইরাক যুদ্ধের সময় ইসলামি বিপ্লবী বাহিনীর তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের বিশেষজ্ঞ পরিষদ তাঁকে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচন করে।

শোক প্রস্তাবে আরও বলা হয়, তাঁর নেতৃত্বে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আধা-সামরিক বাহিনী থেকে শক্তিশালী প্রতিরক্ষা, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়। যদিও তাঁর কঠোর নীতির কারণে বিভিন্ন সময়ে অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, তবে তিনি দৃঢ়তার সঙ্গে সেসব পরিস্থিতি মোকাবিলা করেছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪