বিশেষ প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রবেশ করার সঙ্গে সঙ্গে বিরোধী দলের সংসদ সদস্যদের বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ সময় তাদের হাতে ‘জুলাইয়ের গাদ্দার’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে অধিবেশন শুরু হওয়ার পর রাষ্ট্রপতি ভাষণ দিতে ডায়াসের দিকে এগোতেই বিরোধী দলীয় সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান।
বিক্ষোভে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সংসদ সদস্যরা। তারা প্ল্যাকার্ড প্রদর্শন করে স্লোগান দেন এবং সংসদ কক্ষে প্রতিবাদ জানান।পরে বিরোধী দলের সদস্যরা অধিবেশন থেকে ওয়াকআউট করেন।
সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার সাংবিধানিক প্রথা থাকলেও বিরোধী দল এ নিয়ে আপত্তি জানিয়ে বিক্ষোভ দেখায়। তবে প্রতিবাদের মধ্যেই রাষ্ট্রপতি তার নির্ধারিত ভাষণ দেওয়ার কার্যক্রম অব্যাহত রাখেন।
রিপোর্টার্স২৪/এসসি