রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের বেলায় তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
সোমবার (৯ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে জানানো হয়, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দেশের কয়েকটি বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় এ ধরনের আবহাওয়া দেখা যেতে পারে। একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির এই প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। পাশাপাশি আগামী সপ্তাহের শেষের দিকে সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনাও রয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম