রিপোর্টার্স২৪ ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এখন পর্যন্ত চারজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সোমবার (৯ মার্চ) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত সালেখ উদ্দিন ওরফে আহমেদ আলীর মরদেহ গ্রহণকালে মন্ত্রী এই তথ্য জানান।
মন্ত্রী বলেন, যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সরকার সব ধরনের পদক্ষেপ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ অব্যাহত রেখেছে। তিনি প্রবাসীদের ধৈর্য্য ও সতর্ক থাকার আহ্বান জানান।
প্রাথমিক তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সিলেট, কিশোরগঞ্জ, টাঙ্গাইল এবং চট্টগ্রাম থেকে একজন করে প্রবাসী নিহত হয়েছেন। এর মধ্যে দুবাইয়ে একজন, বাহরাইনে দুইজন এবং সৌদি আরবে একজন নিহত হয়েছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রী আশ্বস্ত করেন যে, সব ধরনের নিয়মনীতি মেনে ধাপে ধাপে তাদের লাশ দেশে ফিরিয়ে আনা হবে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত আহমেদ আলীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারও উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম