রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ সোমবার (৯ মার্চ)। আজ বিক্রি হচ্ছে আগামী ১৯ মার্চের ট্রেনের টিকিট, যা ঈদযাত্রার শেষ দিনের অগ্রিম টিকিট হিসেবে ধরা হচ্ছে।
রেলওয়ের নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। সম্প্রতি রেল ভবনে অনুষ্ঠিত ঈদযাত্রা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক এক সভায় এই সময়সূচি নির্ধারণ করা হয়।
গত ৩ মার্চ থেকে শুরু হওয়া ঈদ উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম আজকের মধ্য দিয়ে শেষ হচ্ছে। এর আগে পর্যায়ক্রমে ১৩ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত যাত্রার ট্রেনের টিকিট বিক্রি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে।
তবে ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের ট্রেনের টিকিট বিক্রির বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, একজন যাত্রী অগ্রিম টিকিট সর্বোচ্চ একবার এবং সর্বোচ্চ চারটি আসন পর্যন্ত কিনতে পারবেন। তবে একবার কেনা টিকিট ফেরত বা রিফান্ড করার কোনো সুযোগ থাকবে না বলেও জানানো হয়েছে।
এদিকে যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে নন-এসি কোচের মোট আসনের ২৫ শতাংশ ‘দাঁড়িয়ে যাওয়ার টিকিট’ বা স্ট্যান্ডিং টিকিট রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রা শুরুর আগে সংশ্লিষ্ট ট্রেনের প্রারম্ভিক স্টেশন থেকে এই স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করা যাবে।
রিপোর্টার্স২৪/ঝুম