| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড কার্যকর ভূমিকা রাখবে: রাষ্ট্রপতি

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৮, ২০২৬ ইং | ১৩:২৭:৫৬:অপরাহ্ন  |  ৫৫৬৯৫৫ বার পঠিত
নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড কার্যকর ভূমিকা রাখবে: রাষ্ট্রপতি
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকারের নেওয়া ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি পরিবারগুলোর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন মো. সাহাবউদ্দিন।

রবিবার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গ্রহণ করেছে। আগামী ১০ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই উদ্যোগ পরিবারগুলোর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বক্তব্যের শুরুতে তিনি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আত্মোৎসর্গকারী শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, শহিদদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্য পূরণ করলেই তাদের আত্মত্যাগের যথার্থ প্রতিদান দেওয়া সম্ভব।

রাষ্ট্রপতি বলেন, দেশের জিডিপির প্রায় ১৬ শতাংশ অবদান নারীদের। গৃহস্থালির কাজ থেকে শুরু করে স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, শিল্প-সাহিত্য, কলকারখানা ও নির্মাণ,সব ক্ষেত্রেই নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তবে নারীর উন্নয়ন ও সমৃদ্ধির সুফল পেতে হলে ঘরে ও বাইরে তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

নারী নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে সামাজিক হয়রানির পাশাপাশি অনলাইনে নারীর চরিত্রহনন ও সাইবার বুলিং নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে উল্লেখ করে এসব অপরাধ নিয়ন্ত্রণে সরকার বিশেষ ব্যবস্থা নিচ্ছে বলেও জানান রাষ্ট্রপতি।

তিনি আরও বলেন, কন্যাশিশুর ক্ষেত্রে বাল্যবিবাহ এখনো বড় একটি সমস্যা। কঠোর আইন প্রয়োগ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এসব চ্যালেঞ্জ সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪