| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চলন্ত বাসে চবি ছাত্রীকে যৌন হয়রানি, অভিযুক্ত আটক

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৭, ২০২৬ ইং | ২৩:৫৪:১৬:অপরাহ্ন  |  ৫৩২৭১১ বার পঠিত
চলন্ত বাসে চবি ছাত্রীকে যৌন হয়রানি, অভিযুক্ত আটক

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থী নগরী থেকে ক্যাম্পাসে ফেরার পথে চলন্ত বাসে যৌন হয়রানির শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে দ্রুতযান পরিবহনের একটি বাসে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থী। তিনি জানান, বাসটি চৌধুরীরহাট এলাকায় পৌঁছালে পেছনের সিটে বসা এক ব্যক্তি সিটের ফাঁক দিয়ে তার শরীরে স্পর্শ করেন। বিষয়টি বুঝতে পেরে তিনি প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তি দাবি করেন, তিনি ঘুমিয়ে ছিলেন এবং ইচ্ছাকৃতভাবে কিছু করেননি। তবে শিক্ষার্থী তার কথায় বিশ্বাস না করে অভিযুক্তকে কয়েকটি চড় দেন।

বাসে থাকা অন্যান্য যাত্রী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাটি দেখে ক্ষোভ প্রকাশ করেন। পরে উপস্থিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং চাকসু কেন্দ্রীয় কমিটির যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়াকে বিষয়টি জানান।

এ বিষয়ে চবি সহকারী প্রক্টর নূরল হামিদ কানন জানান, অভিযুক্ত ব্যক্তিকে বিশ্ববিদ্যালয় পুলিশ বক্সে নিয়ে আসা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দোষ স্বীকার করেছেন। অভিযুক্ত মো. বাবলু পেশায় রাজমিস্ত্রি। তার বাড়ি কুমিল্লার মুরাদনগরে হলেও বর্তমানে তিনি চট্টগ্রামের ফতেহাবাদ এলাকায় বসবাস করেন।

চাকসু কেন্দ্রীয় কমিটির যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়া বলেন, আমি তখন বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে ছিলাম। শিক্ষার্থীরা আমাকে ফোন দিয়ে জানান, এরপর আমরা অভিযুক্তকে সেখানে নিয়ে আসি এবং ক্যাম্পাসের পুলিশ বক্সে হস্তান্তর করি। জিজ্ঞাসাবাদে তিনি তার দোষ স্বীকার করেন। বর্তমানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন যৌন হয়রানি ও অনৈতিক আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। এমন ধরনের ঘটনা যেন পুনরায় না ঘটে তা নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশ যৌথভাবে সতর্কতা জারি রেখেছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় নজরদারি বাড়ানোর পাশাপাশি বাসে থাকাকালীন শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে বিভিন্ন নির্দেশনা জারি করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪