রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি চূড়ান্ত বা অপরিবর্তনীয় নয়; প্রয়োজনে এতে সংশোধন, সংযোজন বা বিয়োজন করা সম্ভব। এ কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার (৪ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, চুক্তিতে এমন কিছু ধারা রয়েছে যা ভবিষ্যতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে সহায়ক হতে পারে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৮.৫ বিলিয়ন ডলার, যার মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আমদানি প্রায় ২.৭৫ বিলিয়ন ডলার। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার।
তিনি বলেন, কোনো আন্তর্জাতিক চুক্তিতেই উভয় পক্ষের স্বার্থ থাকে। কিছু ধারা এক পক্ষের জন্য সুবিধাজনক, আবার কিছু ধারা অন্য পক্ষের জন্য। আলোচনার মাধ্যমে উভয় পক্ষের জন্য ‘উইন-উইন’ পরিস্থিতি নিশ্চিত করাই লক্ষ্য। কোনো চুক্তি স্থায়ী নয়; প্রয়োজনে ভবিষ্যতে পরিবর্তন আনা সম্ভব।
মন্ত্রী আরও জানান, মার্কিন আদালতের শুল্ক সংক্রান্ত রায় এবং ভিসা বন্ড ইস্যু পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি আশ্বাস দেন, সরকার চায় দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা নির্বিঘ্নে কার্যক্রম চালাতে পারবেন। যুক্তরাষ্ট্র নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী, এবং নন-ট্যারিফ বাধা দূর হলে বিনিয়োগ ও উন্নয়ন অর্থায়নের সুযোগ আরও বাড়বে।
রিপোর্টার্স২৪/ঝুম