রিপোর্টার্স২৪ ডেস্ক: সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা, প্রশাসনিক গতিশীলতা ও দপ্তরসমন্বয় বাড়াতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে বাধ্যতামূলক উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
গত সোমবার (২ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পরিপত্রে এ নির্দেশ প্রদান করা হয়। পরিপত্রে উল্লেখ করা হয়েছে, অনেক কর্মকর্তা-কর্মচারী অফিসে আসার পথে সেমিনার, প্রশিক্ষণ বা ব্যাংক-হাসপাতালসহ অন্যান্য কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে নির্ধারিত সময়ে উপস্থিত থাকেন না। ফলে সাধারণ নাগরিকের সঙ্গে যোগাযোগ ব্যাহত হয় এবং প্রশাসনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ে।
নতুন সময়সীমা নির্ধারণের মাধ্যমে এ ধরনের বিঘ্ন এড়ানোর লক্ষ্য রাখা হয়েছে। দাপ্তরিক কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রেও এই ৪০ মিনিটের উপস্থিতি বিঘ্নিত না হওয়ার কথা বলা হয়েছে।
নির্দেশনার বাইরে রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, হাসপাতাল ও জেলখানা মতো জরুরি সেবা রোস্টারে থাকা কর্মী এবং আইন-শৃঙ্খলা বাহিনী। এছাড়া ভিভিআইপি প্রটোকল বা আকস্মিক বড় কোনো দুর্ঘটনা মোকাবেলার মতো জরুরি প্রয়োজন হলে নিয়ম শিথিলযোগ্য।
পরিপত্রে আরও বলা হয়েছে, কর্তৃপক্ষের লিখিত অনুমতি বা দাপ্তরিক কাজ ছাড়া অফিস চলাকালীন কোনো অবস্থাতেই কর্মস্থল ত্যাগ করা যাবে না। উল্লেখযোগ্য, এই ধরনের নির্দেশনা পূর্বেও ২০১৯ ও ২০২১ সালে জারি হয়েছিল।
রিপোর্টার্স২৪/ঝুম