রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)-কে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৪ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মতালেব সাজ্জাদ মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রীর এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বাহিনীর দেশপ্রেম ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তায় আনসার ও ভিডিপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের স্বার্থে জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার জন্য সব সদস্যকে আমি আহ্বান জানাচ্ছি।”
এছাড়া তিনি দেশকে রক্ষায় বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার গুরুত্ব ব্যাখ্যা করেন। সাক্ষাৎকালে মহাপরিচালক বাহিনীর বর্তমান কার্যক্রম ও উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।
প্রধানমন্ত্রী আশ্বাস দেন যে, ভবিষ্যতেও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং বাহিনীর আধুনিকায়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
রিপোর্টার্স২৪/ঝুম