রিপোর্টার্স২৪ ডেস্ক: বিয়ের আনন্দ এখনো কাটেনি, এর মধ্যেই ভবিষ্যৎ পরিবার পরিকল্পনা নিয়ে আলোচনায় দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা-র সঙ্গে জমকালো আয়োজনে সাতপাক ঘোরার পর এবার মাতৃত্ব নিয়ে নিজের স্বপ্নের কথা প্রকাশ্যে জানালেন তিনি।
সম্প্রতি রাজস্থানের ঐতিহাসিক শহর উদয়পুর-এ আয়োজিত রাজকীয় অনুষ্ঠানে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই তারকা জুটি। বিয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাশমিকা বলেন, সংসার ও সন্তানকে ঘিরে তিনি এখন থেকেই স্বপ্ন বুনছেন।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, তিনি শুধু একটি নয়, একাধিক সন্তানের মা হতে চান। তার বিশ্বাস, সন্তান স্বামী-স্ত্রীর সম্পর্ককে আরও গভীর ও দৃঢ় করে। মাতৃত্বকে তিনি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন
রাশমিকা স্পষ্ট করে বলেন, মা হওয়ার পর সন্তানের নিরাপত্তা ও ভবিষ্যৎই হবে তার সবচেয়ে বড় অগ্রাধিকার। ক্যারিয়ার ও সন্তান এই দুইয়ের মধ্যে কোনটি বেছে নেবেন? এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানিয়েছেন, বিনোদন জগতে কাজের নির্দিষ্ট সময়সীমা না থাকলেও মা হওয়ার পর সন্তানই তার প্রথম গুরুত্ব পাবে। সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য প্রয়োজনে পেশাগত জীবনেও ছাড় দিতে প্রস্তুত তিনি।
দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বাগদান ও বিয়ের মাধ্যমে নতুন অধ্যায় শুরু করেছেন এই জনপ্রিয় জুটি। তাদের ব্যক্তিজীবন ও ক্যারিয়ারের ভারসাম্য নিয়ে ভক্তদের কৌতূহল এখন তুঙ্গে।
রিপোর্টার্স২৪/ঝুম