স্টাফ রিপোর্টার: ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুসংহত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
রবিবার (১ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের কক্ষে তারা এই বৈঠক করেন। পরে হাই কমিশনার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান–এর সঙ্গে পৃথক বৈঠক করেন। এ সময় বিচার বিভাগীয় সহযোগিতা, আইনগত কাঠামো উন্নয়ন, দক্ষতা বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকগুলোতে হাই কমিশনার বলেন, পারস্পরিক স্বার্থ, পারস্পরিক কল্যাণ এবং পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার জন্য ভারত প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জনগণ-কেন্দ্রিক উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য, সংযোগ বৃদ্ধি, শিক্ষা, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নের মতো খাতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক পারস্পরিক আস্থা, সহযোগিতা ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সাম্প্রতিক এসব উচ্চপর্যায়ের বৈঠককে দুই দেশের বহুমাত্রিক অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব